সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশিপের ‘বি’ গ্রুপের প্রথম খেলায় মালদ্বীপকে বিধ্বস্ত করেছে নেপাল। মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপালিরা।
সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই নেপালিদের কাছে কোনঠাসা ছিলো মালদ্বীপ। খেলার তিন মিনিটে গোল করেন নেপালের ডিফেন্ডার লন পারিয়ার।এরপর মালদ্বীপের গোলপোস্টে একাধিক আক্রমণ চলতে থাকে তারা।
খেলার ১৭ মিনিটে নেপালের রাজিব লোপচানের ক্রস থেকে প্রিজেন তামাং দলকে দ্বিতীয়াবার এগিয়ে দেন। চার মিনিট পর হেড করে মালদ্বীপের জালে পাঠান ডিফেন্ডার সোমেন আরিয়াল।
খেলার প্রথমার্ধে আরও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি নেপাল। ফলে প্রথমার্ধের খেলা শেষে নেপাল ৩-০ গোলে এগিয়ে থাকে। বিরতির পর ৫৭ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল করেন নেপালের প্রিজেন তামাং। খেলার একেবারে শেষ মুহূর্তে মালদ্বীপের কফিনে শেষ পেরেক ঠোকেন সুমেন আরিয়াল।
মঙ্গলবার একই মাঠে বিকেল ৫টায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।






