স্বাগতিক রাশিয়ার কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নিয়েছে স্পেন। এমন বিদায়ে শোকে একরকম পাথর অধিনায়ক সার্জিও রামোস। তবে ঘুরে দাঁড়ানোর ‘ওষুধ’ হিসেবে কাতার বিশ্বকাপকে বেছে নিচ্ছেন তিনি।
রামোসের বয়স এখন ৩২। ২০২২ কাতার বিশ্বকাপের সময় বয়স হবে ৩৬। কিন্তু বয়সের দিকে তাকাতে চান না রামোস। বলেছেন, তার চুল-দাড়ি যদি পেকে সাদাও হয়ে যায়, তবু সেই সাদা দাড়ি নিয়েই বিশ্বকাপ খেলবেন।
২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। রাশিয়া ম্যাচের পরই অবসরের ঘোষণা দেন তিনি। বিশ্বকাপের পর জাতীয় দল ছাড়ার কথা আগেই জানিয়ে রেখেছেন ৩১ বছরের জেরার্ড পিকে। এছাড়া পরপর তিনটি বড় টুর্নামেন্টে (দুই বিশ্বকাপ ও একটি ইউরো) ব্যর্থতার পর পথের শেষে দাঁড়িয়ে আছেন বিশ্বকাপজয়ী অন্য সতীর্থ ডেভিড সিলভা (৩২), পেপে রেইনা (৩৫)।
তারপরও স্পেনের হয়ে ১৫৬ ম্যাচ খেলা ৩২ বছরের রামোস বলছেন সামনের বিশ্বকাপে খেলার কথা, ‘আমি অনেক পরিবর্তনের পক্ষে নই। একটা চক্রেরও শেষ বলব না। পিকে ও ইনিয়েস্তা দুজনেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তৃণমূল থেকে শক্তিশালী বিকল্পই উঠে আসছে। এই দলের একটি খুব ভালো যুব প্রকল্প আছে এবং অনেক ভালো খেলোয়াড়রা আসছেন। আমি আরও অনেক দূর যেতে চাই। একটা ভয়ানক বিশ্বকাপ শেষ করলাম। আমি সাদা দাড়ি নিয়েও কাতারে যেতে বদ্ধপরিকর।’
ফার্নান্দো হিয়েরো কোচ হিসেবে থাকবেন কিনা সেটা এখনও অনিশ্চিত। তবে বিশ্বকাপ ব্যর্থতার জন্য কোচকে কোনো রকম দায়ী না করে বরং তার পাশে দাঁড়িয়েছেন রামোস, ‘কোচের জন্য আমরা গর্বিত। তাকে যে মুহূর্তে দায়িত্ব দেয়া হয়েছে সেজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। ফলাফল যাই হোক না কেনো, হিয়েরো দারুণ কাজ করেছেন।’








