সাত বছর পর আবারো এক সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছেন ইমন ও নিপুণ। একটি শপিং মলের বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন এই দুই তারকা।
যদিও আলাদাভাবে দু’জনার ব্যস্ততা চলচ্চিত্রকে ঘিরে। একসঙ্গে জুটি বেঁধে তারা ‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ শিরোনামের দু’টি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও কয়েকটি টেলিফিল্ম ও একটি প্রসাধনীর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন ইমন-নিপুণ।
এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা বাশার। বুধবার সকালে রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়। এদিনই মিরপুরে বাকি দৃশ্যধারণ করা হবে।
ইমনকে এই বিজ্ঞাপনে দেখা যাবে চলচ্চিত্র তারকা হিসেবে, নিপুণ থাকছেন তার স্ত্রী। চ্যানেল আই অনলাইনকে ইমন বলেন, বিজ্ঞাপনের গল্পে দেখা যাবে আমি ফিল্মের ব্যস্ত অভিনেতা।
তিনি বলেন, কাজের চাপে শিডিউল মেলানো কঠিন! পরিবারকেও ঠিকমত সময় দিতে পারি না। আমার স্ত্রী থাকে নিপুণ। অনেকদিন পর নিপুণের সঙ্গে কাজ করছি। সে আমার ভালো বন্ধু। ভালো লাগছে।
নিপুণ বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ‘প্রম্পটার’ নামে একটি নাটকে কাজ করেছিলাম ইমনের সঙ্গে। প্রায় বছর দেড়েক পর আবার একসঙ্গে কাজ করছি। বেশ এনজয় করছি।
জানা গেছে, আজই এই বিজ্ঞাপনের শুটিং শেষ হবে। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারিত হবে। বিজ্ঞাপনটি নির্মাণে সার্বিক তত্বাবধানে রয়েছে এশিয়াটিক।
আগামীকাল বৃহস্পতিবার সকালের ফ্লাইটে কলকাতা যাবেন ইমন। সেখানকার ফিচার চলচ্চিত্র ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ এ অভিনয় করছেন তিনি। এতে ইমনের বিপরীতে অভিনয় করবেন সায়নী ঘোষ।
নিপুণ অভিনীত ‘ধূসর কুয়াশা’ ছবিটি রয়েছে মুক্তি অপেক্ষায়। দু-দফায় এই ছবির মুক্তির তারিখ বদলের পর চূড়ান্তভাবে জানা যায়নি কবে মুক্তি পাবে।








