জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আপিলের শুনানি পিছিয়ে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।
আপিল বিভাগে এ সংক্রান্ত রিভিউ বৃহস্পতিবার আদেশের জন্য রয়েছে জানিয়ে শুনানি মুলতবি চেয়ে খালেদার আইনজীবীরা আবেদনের করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ওই দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী।
এর আগে খালেদা জিয়ার করা এই আপিল শুনানির ধার্য দিন তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে দুইবার পেছান হয়।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের সাজা দেন। সেই সঙ্গে তার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামীর প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়।
বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে পরে হাইকোর্টে আপিল এবং জামিন আবেদন করে খালেদা জিয়া। এছাড়া আপিল করে সালিমমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ। আর খালেদার সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করে দুদক।
এরপর গত ১২ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। পরে সে জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সেই সাথে এই মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টের এই বেঞ্চকে নির্দেশ দেন আপিল বিভাগ।
তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে রিভিউ করেন খালেদা জিয়া। সোমবার সে রিভিউ শুনানি শেষ হলে আপিল বিভাগ রিভিউ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।







