জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য আগামী ৩ জুলাই (মঙ্গলবার) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল শুনানির দিন ধার্য করে বুধবার এ আদেশ দেন।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের সাজা দেন।
সেই সাথে তার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামীর প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়।
বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে পরে হাইকোর্টে আপিল এবং জামিন আবেদন করে খালেদা জিয়া।
এরপর গত ১২ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। পরে সে জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সেই সাথে আপিল বিভাগ এই মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন। সে আদেশ অনুযায়ী হাইকোর্ট আজ আপিল শুনানির দিন ধার্য করলেন।
তবে ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে আপিল বিভাগ যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে রিভিউ করেছেন খালেদা জিয়া।







