সাকিব আল হাসানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে-এমন দাবি তুলেছেন মুমিনুল হক। ফেসবুক পোস্টে জানালেন প্রতিবাদ। রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় জয়ের পর মুমিনুলক হক ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’
সঙ্গে যোগ করেছেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’
ওপেনার এনামুল হক বিজয় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ ।আল্লাহ আপনার ভালো করুক।’
রাওয়ালপিন্ডি টেস্টের মধ্যেই ঢাকায় হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে।







