১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এর মধ্যে টেস্টে মাঠে নেমেছেন ৪৯ বার। সাদা পোশাকের এই পথচলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিপদের সময় একবার ৯৬ করেছিলেন। সেটিই সাকিব আল হাসানের কাছে ব্যক্তিগতভাবে স্মরণীয় ইনিংস। দলগতভাবে গত বছরের ইংল্যান্ড সিরিজ। আর সেরা অর্জনের কথা বলতে যেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসের স্মৃতি স্মরণ করেছেন।
২৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাকিব।
ইতিমধ্যে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন কোচ যোশি। তাকে নিয়ে মন্তব্য করতে যেয়ে সাকিব বলেন, ‘আজকে তো প্রথম তার সঙ্গে কাজ করলাম। কথা বলে খুব ভালো লেগেছে। আরও বেশি মন্তব্য করার জন্য সময় লাগবে আসলে।’
অস্ট্রেলিয়া নিয়ে সাকিব এখনও তেমন কোনো পরিকল্পনা করেননি বলে জানালেন, ‘এখনো তেমন কোনও পরিকল্পনা নেই। তবে এ বছর খুব ভালো যাচ্ছে। চেষ্টা থাকবে আরো ভালো কিছু করার।’
আগে বড় বড় দল বাংলাদেশকে নিয়ে হাসি-তামাশা করতো। সেই দিন আর নেই। সাকিবের কাছে এটি সন্তোষজনক ব্যাপার, ‘এটি আসলে সন্তোষজনক একটা ব্যাপার। ১০ বছর ১১ বছর লম্বা সময়। এর কৃতিত্ব আসলে সবার জন্যই।’








