টার্গেট আড়াইশ’র কম। তবুও শুরুটা ঝড়ের বেগেই করল নিউজিল্যান্ড। প্রথম পাঁচ ওভারে ৩৫ রান। এরপরই নিউজিল্যান্ডের আগুনে শুরুতে পানি ঢেলে দেন সাকিব আল হাসান। তার জোড়া আঘাত এখন কাঁপছে কিউইরা।
ষষ্ঠ ওভারের প্রথম বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব। তাকে উড়িয়ে মারতে গিয়ে তামিম ইকবালের হাতে ধরা দেন ক্রমে বিপজ্জনক হয়ে উঠতে থাকা মার্টিন গাপটিল। ফেরার আগে মাত্র ১৪ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করে তিনি।
গাপটিল ফেরার পর আরেক ওপেনার কলিন মুনরোর সঙ্গে যোগ দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে জুটিতে কুড়ি রান তোলার পরই আবার সাকিবের আঘাত। মুনরোর বুলেট শট ঝাপিয়ে পড়ে তালুবদ্ধ করেন মেহেদী হাসান মিরাজ। তিন চার ও এক ছক্কায় ৩২ বলে ২৪ রান করেন কিউই ওপেনার।
নিউজিল্যান্ডকে চেপে ধরতে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু উইলিয়ামসনকে রানআউট করতে ব্যর্থ হন উইকেটকিপার মুশফিকুর রহিম। দ্রুত রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে পড়েন টেলর ও উইলিয়ামসন। কুড়িয়ে তার দিকে থ্রো করলে বল হাতে জমানোর আগেই মুশির কনুইতে লেগে উইকেট ভেঙে যায়, বেঁচে যান কিউই অধিনায়ক।
সাকিবের জোড়া আঘাতে কাবু নিউজিল্যান্ডের হাল ধরেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর।
এর আগে প্রথম ব্যাট করে চার বল বাকী থাকতে ২৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।








