দারুণ বল করেছেন তিনি নিজেও। অস্ট্রেলিয়াকে ২১৭ রানে আটকাতে বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট। কিন্তু সাকিব আল হাসান যেদিন জ্বলে ওঠেন সেদিন বাকি সবাই যে ম্লান হয়ে যান সেটি ভালোই জানা মেহেদি হাসান মিরাজের। বিশ্বসেরা অলরাউন্ডারের অনন্য এক কীর্তির দিনে মিরাজ বললেন সাকিবের সঙ্গে খেলতে পেরে নিজের ভালো লাগার কথা।
‘আমরা সবাই জানি যে তিনি তিন ফরম্যাটেই অলরাউন্ডার হিসেবে ভালো করছেন। তার কথা তো বলে শেষ করা যাবে না। সাকিব ভাই অনলি ওয়ান। আমার কাছে খুব ভাল লাগছে যে তিনি রেকর্ড করেছেন।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে জস হ্যাজেলউডকে ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে গর্বের এক চক্র পূরণ হয়েছে সাকিবের। সব টেস্ট খেলুড়ে দেশের (নতুন দুই সদস্য আফগানিস্তান, আয়ারল্যান্ড বাদে) বিপক্ষে পাঁচ উইকেট হল বিশ্বসেরা অলরাউন্ডারের। এই রেকর্ডে এমন এক অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব, যেখানে আগে থেকে ছিলেন মাত্র তিনজন। এছাড়া একই টেস্টে অর্ধশতকসহ ৫ উইকেট নেয়ার কীর্তি সাকিবের ৮ বার। শীর্ষে ইয়ান বোথাম, ১১ বার।
মিরাজ বলেন, ‘খুবই ভাল লাগে নিজেদের দেশে এমন একজন অলরাউন্ডারের সাথে খেলতে পারছি বলে। তিনি অনেক অভিজ্ঞতা শেয়ার করেন আমার সঙ্গে।’ সংবাদ সম্মেলনে বলেন মিরাজ।’
মিরাজ নিজে সাকিবের সঙ্গে সমানতালে লড়েছেন অস্ট্রেলিয়াকে অলআউট করতে। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট পাওয়া মিরাজের বলে কাবু হয়েছেন ওয়ার্নার, স্মিথ, ম্যাথু ওয়েডের মত ব্যাটসম্যান। সেখানেও সাকিবের বেশ অবদান আছে বলে জানিয়েছেন মিরাজ।
ছবি: সাকিব উল ইসলাম।








