সাকিবদের অতি আত্মবিশ্বাসী মন্তব্যে বিস্মিত স্মিথ

সাকিব আল হাসান এক সংবাদ সম্মেলনে বসে আছেন, বিভিন্ন মাইক্রোফোন ও পানির বোতল পাশে রাখা।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফলাফলটা কেমন হতে পারে? বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনেক আগেই বলে দিয়েছিলেন স্কোরলাইনটা ২-০ দেখতে চান তিনি। তার এমন মন্তব্যের পর থেকে সংবাদ মাধ্যমের সামনে যে ক্রিকেটারই আসছেন উঠে আসছে ‘২-০’ প্রসঙ্গ। দুইদিন আগেই সাকিব আল হাসান বলেছেন এটা সম্ভব। বাংলাদেশের-কোচ ক্রিকেটারদের কথা যাচ্ছে অজিদের কানেও। নাথান লায়ন বলেছিলেন সাহসী মন্তব্য। এবার অজিদের অধিনায়ক স্টিভেন স্মিথ বললেন, ‘এটা অতি আত্মবিশ্বাসী মন্তব্য।’
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ‘বাংলাদেশ ১০০ টেস্ট খেলে জিতেছে ৯টিতে। আমি তাদের অতি আত্মবিশ্বাস দেখে কিছুটা বিস্মিত। হয়তো তারা হোম কন্ডিশনের সুবিধা পাবে বলেই এভাবে ভাবছে।’
কন্ডিশন নিয়ে মোটেও ভাবনা নেই অস্ট্রেলিয়ার। প্রস্তুতি ম্যাচ খেলতে না পারাতেও নেই আক্ষেপ। তবে বৃষ্টির কারণে কয়েকদিন অনুশীলন করতে না পারায় আক্ষেপ অজি অধিনায়কের কন্ঠে, ‘প্রস্তুতি ম্যাচ না হওয়ায় খুব একটা আক্ষেপ নেই আমাদের। বৃষ্টির কারণে কয়েকটা অনুশীলন সেশন করতে পারিনি এটাই অসুবিধা। তারপরও আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। আমার মনে হয় এখানকার উইকেট ভারতের মতোই হবে।’
সংবাদ সম্মেলনে এক অস্ট্রেলিয়ান সাংবাদিকের প্রশ্নে একাদশও জানিয়ে দিয়েছেন স্মিথ। দুই স্পিনার ও দুই পেসার নিয়ে টাইগারদের মোকাবেলা করবে তারা। পার্টটাইম স্পিনারদের উপরও ভরসা রাখছে সফরকারী দল।
অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ রেনশ, ম্যাথু ওয়েড।
ছবি: সাকিব উল ইসলাম



