আন্তর্জাতিক

‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণ ৫ মে: থাকছে না পাকিস্তান

‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণ ৫ মে: থাকছে না পাকিস্তান

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আগামী ৫ মে ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণ করতে যাচ্ছে।

দক্ষিণ এশিয়ার সব দেশ এই স্যাটেলাইট থেকে উপকৃত হতে অন্তর্ভুক্ত হলেও দূরে থাকছে কেবল পাকিস্তান। কারণ পাকিস্তান এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি।

বাংলাদেশ এই প্রকল্পের সাথে যুক্ত হতে এরই মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার মধ্যে গত বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রথমে এই  স্যাটেলাইটের নাম ঠিক করা হয়েছিল ‘সার্ক স্যাটেলাইট।’ কিন্তু পাকিস্তান এই প্রকল্পের সাথে না থাকায় স্যাটেলাইটের নাম বদলে পরে রাখা হয়েছে ‘সাউথ এশিয়া স্যাটেলাইট।’

ভারতের শ্রীহরিকোটা থেকে ৫ মে উৎক্ষেপণ হতে চলা  জিস্যাট-৯ কমিউনিকেশন স্যাটেলাইটটি ২১৯৫ কেজি ওজনের। যেটি ১২ বছরের বেশি সময় সচল থাকবে বলে জানিয়েছে ইসরো।

২০১৪ সালে কাঠমান্ডুতে হওয়া সার্ক সম্মেলন থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন,  ‘এটি হবে প্রতিবেশীদের প্রতি ভারতের উপহার।’

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানিয়েছেন, এই স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে   যোগাযোগ বাড়াবে এবং বিপর্যয় মোকাবিলায় সাহায্য করবে।

বিষয়:সাউথ এশিয়া স্যাটেলাইট স্যাটেলাইট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…