নাকের হাড়ে চিড় ধরা পড়ায় আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার সাইফ হাসান। টপঅর্ডারের এই ব্যাটসম্যানের বদলি হিসেবে চারদিনের ম্যাচের জন্য ডাক পেয়েছেন মেহেদী হাসান।
২২ বছর বয়সী মেহেদী খুলনার হয়ে চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশালের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়েন। সোমবার শেষ হওয়া চতুর্থ রাউন্ডে রংপুরের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও আলো কাড়েন ডানহাতি ব্যাটসম্যান। তার অপরাজিত ৮৮ রানের ইনিংসটি তিন অঙ্কে পৌঁছাতে পারেনি বৃষ্টির বাধায়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার শুরু হবে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে স্বাগতিকদের একমাত্র চারদিনের ম্যাচটি। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে পাঁচ ওয়ানডের সিরিজের ম্যাচগুলো। এই ফরম্যাটের সব ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। চোটের কারণে ওয়ানডে সিরিজেও খেলা অনিশ্চিত সাইফের।
চোটের পর সিলেট থেকে ঢাকায় ফিরে এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। গত রোববার বিকেলে সিলেটে ফিল্ডিং অনুশীলনের সময় বল ধরতে গিয়ে আল-আমিনের (জুনিয়র) সঙ্গে ধাক্কা লেগে নাকে মারাত্মক আঘাত পান এই তরুণ। এক্স-রে করার পর নাকের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে।







