জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ চৌধুরী ও মহাসচিব শ্যামল দত্ত।
শোক বার্তায় তারা বলেন, শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক শামসুদ্দিন আহমেদ আজ সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শামসুদ্দিন আহমেদ স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
শামসুদ্দিন আহমেদ তার বর্ণাঢ্য কর্মজীবনে বার্তা সংস্থা ইউএনবি, এনা, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ইনডিপেনডেন্ট, টেলিগ্রাফ ও রেডিও পাকিস্তানসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। সোমবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শামসুদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।







