সিডনিতে নির্দোষ প্রমাণিত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পোর্টস রিপোর্টার রহমান পেয়ার। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন পেয়ারের ভাই হেলাল মোহাম্মদ।
তিনি বলেন, সকাল উঠেই খবরটা পেয়েছি আমরা। আজ ছিলো আদালতে মামলার সাক্ষ্য প্রমাণ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত তুলে ধরার শেষদিন। কিন্তু বাদীপক্ষ তা হাজির করতে ব্যর্থ হওয়ায় আদালত রহমানকে মামলা থেকে অব্যাহতি দেন।
হেলাল মোহাম্মদ জানান, আদালতে যে ফরেনসিক রিপোর্ট জমা দেওয়া হয়েছিলো সেটিও রহমান পেয়ারের বিপক্ষে যায়নি। মূলত সেদিন থেকেই আমরা নিশ্চিত ছিলাম যে আমার ভাই নির্দোষ প্রমাণ হবে।
অব্যাহতি পাওয়ার পর এখন পেয়ারের বাতিল হয়ে যাওয়া ভিসার জন্য আবেদন করবেন বলেও জানান তিনি।
বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে অষ্ট্রেলিয়ায় যাওয়ার পথে বিমানে এক নারীকে হয়রানি করার অভিযোগে উঠে রহমান পেয়ারের বিরুদ্ধে।
সাউথ কোরিয়ার ওই নারীর অভিযোগে এয়ারপোর্ট পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের এই ক্রীড়া-সাংবাদিককে। এরপর থেকে সিডনির একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন তিনি।







