‘সাংবাদিক তুহিন হত্যায় বড় কোনো ঘটনা লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে শুধু ভিডিও ধারণের কারণে এই হত্যাকাণ্ড ঘটেনি, এর পেছনে আরও বড় কোনো ঘটনা লুকিয়ে আছে। গ্রেফতার হওয়া কেউ গাজীপুরের বাসিন্দা নয়, তাহলে এই খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতারা কারা ছিল? তাদের নাম প্রকাশ করতে হবে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা আতাউর রহমান বলেন, “গাজীপুরে কারা এই সন্ত্রাসীদের লালন-পালন করছে, যারা হত্যা, চাঁদাবাজি, ছিনতাই চালিয়ে যাচ্ছে—তাদের চিহ্নিত করতে হবে।”
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে সমান প্রতিযোগিতার ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) বজায় থাকবে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
তিনি অভিযোগ করেন, গাজীপুরে প্রতিনিয়ত খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে, দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীরা এখানে আশ্রয় নিচ্ছে, অথচ তাদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশাল জনগোষ্ঠীর এই শহরে পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল উল্লেখ করে তিনি অবিলম্বে পুলিশ সংখ্যা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জোর দাবি জানান।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা সাংবাদিক হত্যা মামলার দ্রুত তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া সংবাদ সম্মেলনের তিনি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কেউ নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়ায়নি বলে দুঃখ প্রকাশ করেন। এছাড়া নিহত সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব মাওলানা ফয়জ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা এম এ হানিফ সরকার, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, মুফতি হোসাইন আহমদ, এইচ এম সাইদুর রহমান, এস এম ওয়াহিদুল ইসলাম, আবু জাফর হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মিডিয়া সমন্বয় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের প্রচার ও দাওয়াহ সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধান করেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।








