‘সাংবাদিকের মুখে না, পায়ে মার’, একথা বলেই পুলিশ সদস্যদের নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রিপোর্টার এহসান বিন দিদারের ওপর চড়াও হন শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদ।
আজ বৃহস্পতিবার শাহবাগে হরতাল কর্মসূচির সময় দায়িত্বপালনকালে পুলিশি হামলায় পায়ে প্রচণ্ড আঘাত নিয়ে হাসপাতাল থেকে পায়ে প্লাস্টার নিয়ে ফিরে চ্যানেল আই অনলাইনকে এ কথা বললেন দিদার।
হাসপাতাল থেকে ফিরে চ্যানেল আই অনলাইনকে ঘটনার বর্ণনা দিয়ে এটিএন নিউজের রিপোর্টার এহসান বিন দিদার বলেন,”শাহবাগে তখন হরতাল সমর্থক এবং পুলিশের মধ্যে উত্তেজনা চলছে। দেখলাম এক হরতাল সমর্থককে আটক করে শাহবাগ থানার গেটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চারদিকে টিয়ার শেলে আমারও শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তখনই আমার ক্যামেরাপার্সন আলিমকে সেই আটক দৃশ্য ধারণ করতে যেতে দেখলাম। হঠাৎ শুনলাম আলিম বলছে, দিদার ভাই বাঁচান, মাইরা ফেললো। ততোক্ষণে ওকে টেনে থানার গেটের ভেতরে নেয়া হয়েছে। আমি দৌড়ে দিয়ে হাতে ধরা এটিএন এর লোগো দেয়া বুম দেখিয়ে পরিচয় দিলাম। বললাম আমার ক্যামেরাপার্সন আলিম। তখনই এএসআই এরশাদ বললো, ‘সাংবাদিককে মুখে না, পায়ে মার।’ ”

এএসআই এরশাদের নেইমব্যাজ দেখে তার নাম ঠিকই মনে আছে জানিয়ে দিদার আরও বলেন,’আমার মাথায় হেলমেট ছিলো। তবুও সেখানেই আঘাত করা হয়। পায়ে বন্দুকের বাট দিয়ে কয়েকবার আঘাত করে তারা। ডান পায়ে বোধ পাচ্ছিলাম না। এরপর আলিমকে নিয়ে বের হই এবং চিকিৎসার জন্য হাসপাতালে যাই। এখন পায়ে প্লাস্টার করা। ভেঙেছে কিনা নিশ্চিত নই, তবে পা ভীষণ ফুলে গেছে।’
এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।







