নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে ওরিয়েন্টেশন কোর্স শুরু করেছে ছাত্রলীগ। ১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে শুরু হলেও ৪ জানুয়ারি সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের নেতাকর্মীদের জন্য বছরব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওরিয়েন্টেশন কোর্সের সূচনা পর্ব অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য নেয়া বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের বিষয় নির্ধারণ করা হয়েছে: ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা কী? কিভাবে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা যায়, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের আলোকে ছাত্র জীবন গড়, বার্ষিক পরিকল্পনা নির্ধারণে জন্য জাতীয় নেতৃবৃন্দের কাছে মতামত গ্রহণ এবং ছাত্র রাজনীতির সংজ্ঞায়।
ওরিয়েন্টেশন কোর্সে আরও থাকছে সাংগঠনিক দক্ষতা অর্জন, সংগঠনের আদর্শ উদ্দেশ্য, ছাত্র রাজনীতি চর্চা, বঙ্গবন্ধু , বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। ওরিয়েন্টেশন কোর্সে ক্লাস নেবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক ও বিশিষ্টজনেরা।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় বলেন: আজ থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রতি সপ্তাহে এ ওরিয়েন্টেশন কর্মসূচি চলমান থাকবে। একজন রাজনীতিবিদ এবং একজন শিক্ষক ওরিয়েন্টেশন দেবেন। প্রথমে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন করা হবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন করে যে কেউ অংশ নিতে পারবে।
ছাত্রলীগের ওরিয়েন্টেশন কোর্সের সূচনা পূর্বে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।







