সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস স্বীকৃতিতে হাইকোর্টের রুল

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, ঐতিহাসিক স্থাপনা, আধুনিক স্থাপত্যশৈলী, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
২৭ জানুয়ারি সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সাথে এই গণহত্যা সংঘটনের স্থানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস ঘোষণা চেয়ে সিরাজগঞ্জে বাড়ি এমন ১১ জন সুপ্রিম কোর্টের আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
বিদেশি পণ্য বর্জন ও স্বদেশি পণ্য ব্যবহার করার আন্দোলনের প্রেক্ষাপটে ১৯২২ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা হাটে গণহত্যা সংঘটিত হয়। যেখানে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে সলঙ্গা এলাকায় আন্দোলনরত জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে ব্রিটিশ পুলিশ। এতে নিহত হয় কয়েক’শ মানুষ।






