পচেফস্ট্রমে আবহাওয়া ঝকঝকে রোদ বিতরণ শুরু করল সকাল থেকেই। কিন্তু স্কোরবোর্ডটা ঝকঝকে রাখতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৪২৪ রানের লক্ষ্যে আগেরদিনই তিন উইকেট হারানো টাইগাররা শেষদিন সকালে খুইয়েছে আরও ৫টি।
অথচ মরনে মরকেলের চোটে ছিটকে যাওয়ার স্বস্তির সুবাতাস নিয়েই মাঠে নেমেছিল সফরকারীরা। আগেরদিনে আগুন ঝরানো মরকেল নেই। সম্ভাব্য ৯৮ ওভার পার করলেই ম্যাচ বাঁচানো সম্ভব। নিশ্চয় দৃঢ় প্রতিরোধের পরিকল্পনা করেই নেমেছিল বাংলাদেশ।
সেই পরিকল্পনায় নিজেদের সর্বনিম্ন টেস্ট ইনিংস নিয়ে কোনও আলোচনা নিশ্চয় ছিল না। তবে হারের পর টিমমিটিংয়ে থাকবে নিশ্চিত। ২০০৭ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বনিম্ন টেস্টে ইনিংসটি খেলেছিল বাংলাদেশ, ৬২ রানের। সোমবার সেটি পেরোনো গেছে। শেষ পর্যন্ত এটাই হয়ত অসহায় হারের পর একমাত্র সান্ত্বনা হয়ে থাকবে!







