রোববার বিকালে প্রখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ এবং উদীচীর সাবেক উপদেষ্টা অধ্যাপক সরদার ফজলুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে উদীচী কেন্দ্রীয় কার্যালয় এক আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় এসব কথা বলেন: ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে সরদার ফজলুল করিম-এর অসামান্য অবদান রয়েছে। চল্লিশের দশক থেকে শুরু করে ভাষা আন্দোলন, বাঙালির স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাংলা ও বাঙালির জাতির ইতিহাসে যতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে তার প্রতিটিতেই সরদার ফজলুল করিম অসামান্য অবদান রেখেছেন।
উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি অমিত রঞ্জন দে-এর সভাপতিত্বে এতে সরদার ফজলুল করিম-এর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্য্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ।
এছাড়াও, এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল। উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদের অন্যান্য নেতা-কর্মীরাও এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, সৎ, নিষ্ঠাবান, সম্পূর্ণ একজন মানুষ ছিলেন সরদার ফজলুল করিম। প্রগতিশীল চিন্তা চেতনার মাধ্যমে মানবতাবোধের দর্শন চর্চা করে সমাজকে নিখুঁত করে তোলার জন্য যেসব মানুষ জীবন উৎসর্গ করেছেন সরদার ফজলুল করিম তাদের একজন। আমাদের উচিত, এমন মহান মানুষদের আরো বেশি বেশি করে অনুসরণ করা।










