সুপ্রিম কোর্ট (বার অ্যাসোসিয়েশন) আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২০-২০২১ সালের নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত “সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ” এর প্যানেল ঘোষণা করা হয়েছে।
আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে আবার সভাপতি পদে ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে প্রার্থী করে এই প্যানেল ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্যানেল ঘোষণা করেন।
সভাপতি-সম্পাদক পদের বাইরে এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন: সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শাকিলা রওশন ও অ্যাডভোকেট মনিরুজ্জামান, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক ও অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ পদে ড. মো: মোহাম্মদ এনামুল হক।
আর এই প্যানেল থেকে সদস্য পদে মনোনীতরা হলেন-অ্যাডভোকেট তারজেল হোসেন, অ্যাডভোকেট সাফায়েত হোসেন সজীব, অ্যাডভোকেট হুমায়ূন কবির, অ্যাডভোকেট জগলুল কবির, অ্যাডভোকেট মোঃ মশিউর রহমান, অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল এবং অ্যাডভোকেট কামরুজ্জামান।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’র সভাপতি ও সম্পাদক পদের প্রার্থী ঘোষণা করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে সভাপতি ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক পদ প্রার্থী ঘোষণা করেন জাতিয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।







