দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কোন রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি-এমন মন্তব্য করে সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র সন স্পাইসার।
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকার রাসায়নিক হামলা চালিয়ে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করে আসছে হোয়াইট হাউজ। এক সংবাদ সম্মেলনে আসাদের সমালোচনা করতে অ্যাডলফ হিটলারের উদাহরণ টেনে বিভ্রান্তিকর তথ্য দেন সন স্পাইসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট বা গণহত্যায় হিটলার কোন রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি বলে জানান তিনি।
বিবিসি জানায়, এমন মন্তব্যের কারণে স্পাইসার ব্যাপক সমালোচনার মুখে পড়েন। রাসায়নিক গ্যাস ব্যবহার করে হিটলার অনেক ইহুদী হত্যা করছে উল্লেখ করে সমালোচনাকারীরা স্পাইসারের সমালোচনা করেন। স্পাইসার হলোকাস্ট মিউজিয়ামে যেতে অনেক দেরি করেছেন বলেও কেউ কেউ সমালোচনা করেন।
পরে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি ভুলবশত হলোকাস্টের সঙ্গে একটি অযৌক্তিক উদাহরণ টেনেছিে। আমি ভুল করেছি। এজন্য আমি ক্ষমা প্রার্থী।’
বাশার আল-আসাদ সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে। রাশিয়া এসব হামলার ঘটনা গোপন করে রেখেছে বলেও তারা অভিযোগ করে।
যদিও গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সিরিয়ায় মিসাইল হামলা চালায়। ইতোমধ্যে তারা আবারো হামলা চালানোর ঘোষণা দিয়েছে।







