বাংলাদেশ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেছেন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  প্রমোদ মানকিন মারা গেছেন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন মারা গেছেন। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় হলি ফ্যামিলি হাসপাতালে মঙ্গলবার রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। বুধবার ভোরে মন্ত্রীর মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। অ্যাডভোকেট প্রমোদ মানকিন ৯১ সাল থেকে ৪ বার এমপি নির্বাচিত হন। ২০০৮ সালে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রমোদ মানকিন এমপি ১৯৩৯ সালের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক সম্ভ্রান্ত গারো পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা স্বর্গীয় মেঘা তজু এবং মা স্বর্গীয়া হৃদয় শিসিলিয়া মানকিন। তিনি আট ভাই-বোনের মধ্যে পঞ্চম।

ছাত্রজীবন ও কর্মজীবনের শুরু থেকেই তিনি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে তার সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ। তিনি চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

বিষয়:সমাজকল্যাণমন্ত্রী সংসদ সদস্যের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…