এল ক্লাসিকোর আগে অন্য সমস্যায় বার্সেলোনা। অ্যান্টনে গ্রিজমানকে পাওয়ার জন্য বার্সার প্রতিনিধিরা অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে নাকি যোগাযোগ করেছিলেন। একথা জানার পরে আটলেটিকোর তরফে ফিফায় চিঠি দিয়ে বার্সেলোনার নামে অভিযোগ করা হয়। তবে গ্রিজমান ইস্যুতে সব অভিযোগ এক কিকে উড়িয়ে দিয়েছে বার্সা।
২০২২ পর্যন্ত অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তি করেছেন গ্রিজমান। ক্লাবের অভিযোগ, এই অবস্থায় গ্রিজম্যানের সঙ্গে যোগাযোগ করাটা রীতিমতো অবৈধ কাজ। বার্সার বিপক্ষে ফিফায় এমনই অভিযোগ করে অ্যাটলেটিকো।
গ্রিজমানের সঙ্গে বার্সার যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন ক্লাবের অন্যতম পরিচালক গুইলের্মো আমর। বলেছেন, ‘যদি বার্সা সভাপতি বার্তেমেউ গ্রিজমানের সঙ্গে দেখা করে থাকেন, তাহলে অবশ্যই তাকে খেলার প্রস্তাব দেয়া হয়েছে। যদিও আমি এ ব্যাপারে কিছুই জানি না। তবে ভাল সম্পর্ক থাকলে সাধারণ আলাপচারিতা হতেও পারে। ফুটবল দুনিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ গুজব। আমরা অনেকের সঙ্গেই কথা বলি। অনেক খেলোয়াড়কেই বার্সায় খেলার কথা বলি। এটা তো আমাদের দায়িত্বের পর্যায়েই পড়ে।’
অ্যাটলেটিকোর কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন ফিফার একজন মুখপাত্র, ‘আমরা অ্যাটলেটিকোর কাছ থেকে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র পেয়েছি।’
কিন্তু বার্সেলোনার একজন মুখপাত্র স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন, ‘বার্সেলোনা কোনও খেলোয়াড়ের সাথে আলোচনা করেনি, তাই এটা বুঝি যে আমরা কোনও অনিয়ম করিনি।’
যদি ফুটবলের আন্তর্জাতিক শাসকগোষ্ঠী অ্যাটলেটিকোর রিপোর্টের পক্ষে সিদ্ধান্ত নেয়, তাহলে কঠোর দণ্ডের সম্মুখীন হতে পারে মেসিদের ক্লাব। দলবদলের বাজারে জুটতে পারে নিষেধাজ্ঞাও!






