ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো বিভাগেই সহজাত খেলাটা খেলতে পারছে না বাংলাদেশ। জয় তো দূরের কথা; মাঠে লড়াই করতে যে মনোভাব থাকা দরকার তাও অনুপস্থিত তামিম ইকবালের দলের মাঝে। হেসেখেলে এক ম্যাচ আগেই সিরিজ জিতে (২-০) নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের চোখ এখন হোয়াইটওয়াশে আর বাংলাদেশের সে লজ্জা এড়ানোর।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থার পেছনে কী কারণ সেটি নির্দিষ্ট করার প্রয়োজন পড়ছে না। প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিং, নির্বিষ বোলিং আর দুর্বল ফিল্ডিংয়ের যে মহড়া দেখা গেছে তাতে দলের সব দুর্বল দিকই দিনের আলোর মতো পরিষ্কার। এই সিরিজে অধিনায়কের দায়িত্বে থাকা তামিমের কন্ঠে শোনা গেল একই আপ্তবাক্য।
বুধবার প্রেমাদায় শেষ ম্যাচ জিতে ব্যবধান কমিয়ে দেশে ফিরতে হলে কী করতে হবে ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন সেটিও, ‘যদি দেখেন আগের দুইটা ম্যাচে তিন বিভাগেই কোনো কোনো জায়গায় আমরা ভুল করেছি। হয়তবা ব্যাটিংয়ে যেমন শুরু আমরা আশা করি সেটি পাইনি। যেরকম নিয়ন্ত্রিত বোলিং আশা করি তা হয়নি। ফিল্ডিংয়েও একই, আমরা যে মান ধরে রাখতে চাই সেটি হয়নি এই দুইটা ম্যাচে। একটা ইউনিট বা দিক নিয়ে বলতে পারব না যার কারণে হেরেছি। যা হয়েছে প্রথম দুই ম্যাচে তাতে আমার মনে হয় সবার দায় আছে। ব্যাটিং, বোলিং দুই বিভাগকে ঘুরে দাঁড়াতে হবে যদি শেষ ম্যাচে ভাল কিছু পেতে চাই।’
‘এই সিরিজ আমরা হেরে গেছি। শেষটায আমরা নিজেদেরকে যদি একটু প্রমাণ করতে পারি, ভাল ক্রিকেট খেলে যদি জিততে পারি তাহলে অন্তত… নিজেদের সন্তুষ্টির জন্য হলেও গুরুত্বপূর্ণ ম্যাচটা। দেশের অনেক মানুষ প্রত্যাশায় আছে আমাদের জয় দেখার সেদিক থেকেও।’-বলেন তামিম।








