বাবা রিকশা চালক। সংসারে নিত্য নতুন অভাব, নেই বিদ্যুৎ এমনকি মাথার ওপর ভালোমতো ছাদও নেই, এমন পরিবেশে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন অদম্য মেধাবী এক শিক্ষার্থী মেহেদী হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পর পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রাম ভাসছে এখন আনন্দে।
মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানকে নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, আজ সকাল শুরু হয়েছিল পিরোজপুরের মেহেদী হাসানের সাথে, তার বাবা একজন রিকশা চালক শত প্রতিকুলতা কে জয় করে সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সংবাদটি দেখেছিলাম চ্যানেল আই তে রিপোর্ট টি করেছিলেন মোস্তফা মল্লিক।
তাকে সার্বিক সহযোগিতা দিয়ে চলেছেন পিরোজপুরের খসরু ভাই, আজ মেহেদী কে একটি ল্যাপটপ তুলে দিলাম। সবাই মেহেদীর জন্য দোয়া করবেন।







