ফতুল্লা থেকে: কলম্বোয় নিজেদের শততম টেস্ট খেলছে বাংলাদেশ। এই ম্যাচ পরই ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হতে শুরু করবে দল। টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফতুল্লায় সারলেন তারই প্রস্তুতি। ইমার্জিং কাপের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের ম্যাচে অংশ নিলেন।
ম্যাচের ফাঁকে ড্রেসিংরুমে বসে চোখ রেখেছেন কলম্বো টেস্টে। শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে বাংলাদেশ। রান পেয়েছেন টপঅর্ডারের সবাই। সাকিব-মুশফিক অপরাজিত থেকে শেষ করেছেন দ্বিতীয় দিন।
মাশরাফির মতে, বাংলাদেশের পক্ষেই গেছে দিনটা। শেষ টেস্টে ব্যাটসম্যানরা রান পেলে ওয়ানডে সিরিজে আত্মবিশ্বাস জোগাবে। সেই ভাবনা থেকে মাশরাফি বললেন, ‘টেস্টে রানের মধ্যে থাকলে ওয়ানডে খেলতে সুবিধা হবে, দ্বিতীয় টেস্ট চলছে। আজকের দিনটা আমাদের ভালো গেছে। সবাই ফর্মে থাকলে খেলতে সুবিধা হয়। আমার বিশ্বাস আমরা ভালো করবো। ওয়ানডেতে ভালো স্কোয়াড হয়েছে। যারা আছে আশা করি সবাই ভালো করবে।’
মাশরাফি মনে করেন সেরা ক্রিকেট না খেললে ফর্মে থাকা শ্রীলঙ্কার সঙ্গে জয় পাওয়া কঠিন হবে, ‘ওয়ানডে কিংবা টি-টুয়েন্টিতে ওদের ফর্ম ভালো, ওরা ভালো করছে। এমনকি অস্ট্রেলিয়া গিয়েও তারা দুটি ম্যাচ জিতে এসেছে। সাউথ আফ্রিকায়ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছে। ওদের ভালো কিছু নতুন প্লেয়ার এসেছে। আমার মনে হয় ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ওরা ভালো সাইড। সেরা খেলাটা না খেললে আপনি যেকোনো দলের সাথে হারতে পারেন। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। অন্য চিন্তা করার সুযোগ নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ২৫ মার্চ ডাম্বুলায়। ২৮ মার্চ ও ১ এপ্রিল পরের দুই ওয়ানডে। এরপর দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর।
ওয়ানডে স্কোয়াডে যোগ দিতে মাশরাফি শ্রীলঙ্কা যাবেন শনিবার। সঙ্গে যাবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, প্রথমবারের মতো দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও দলে ফেরা অলরাউন্ডার শুভাগত হোম। বাকি ১১ ক্রিকেটার টেস্ট দলের স্কোয়াডে রয়েছেন।








