খেলতে হল না। অপেক্ষা করতে হল না এক সপ্তাহের বেশিও। আবারও সাকিব আল হাসানের দখলে ফিরল টেস্ট অলরাউন্ডারের মুকুট। যে জাদেজার কাছে সিংহাসন হারিয়েছিলেন সাকিব, তাকে টপকেই পুনরুদ্ধার করলেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই অলরাউন্ডারের শীর্ষে থেকেই মাঠে নামতে যাচ্ছেন টাইগার তারকা।
দীর্ঘ সময় ধরে খেলা নেই বাংলাদেশের, সাকিব আল হাসানও তাই টেস্টের বাইরে। অন্যদিকে ভারতের হয়ে ব্যাটে-বলে জ্বলছিলেন রবীন্দ্র জাদেজা। যার প্রভাব পড়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও। সাকিবকে টপকে প্রথমবারের মত শীর্ষ অলরাউন্ডার বনে যান জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি, ভারতীয় অলরাউন্ডার হারিয়েছেন কিছু পয়েন্টও।
আইসিসির সর্বশেষ আপডেট জানাচ্ছে, মঙ্গলবার টাইগার অলরাউন্ডারের কাছে জায়গা ছেড়ে দিয়ে জাদেজা নেমে গেছেন দুইয়ে।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের আসনে ফেরা সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১ই থাকছে। নেমে যাওয়া জাদেজা ৮ রেটিং পয়েন্ট খুইয়ে এখন ৪৩০ নিয়ে দুইয়ে। রবিচন্দ্রন অশ্বিন ৪২২ পয়েন্ট নিয়ে তিনে, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ৪০৯ পয়েন্ট নিয়ে চারে। আর ৩৬০ পয়েন্ট নিয়ে পাঁচে আরেক ইংলিশ বেন স্টোকস।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন জাদেজা (৮৮৪), জেমস অ্যান্ডারসন (৮৬০) দুইয়ে, আর তিনে অশ্বিন (৮৫২)। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ (৯৪১), দুইয়ে ইংলিশ অধিনায়ক জো রুট (৮৯১) ও তিনে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৮৮০)।
দল হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট কোহলির ভারত, রেটিং ১২৫। দুইয়ে সাউথ আফ্রিকা (১১০), তিনে ইংল্যান্ড (১০৫), চারে অস্ট্রেলিয়া (১০০) এবং পাঁচে নিউজিল্যান্ড (৯৭) পয়েন্ট নিয়ে। বাংলাদেশ আছে ৯-এ, রেটিং ৬৯!








