অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার পরিবেশেনে দায়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার খাবার হোটেলসহ ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্ধলক্ষ টাকারও (৫১ হাজার) বেশি জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার আদালত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
সন্ধ্যায় মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, সন্দ্বীপের ভিন্ন বাজারের খাওয়ার হোটেলের রান্না ঘরে ময়লা আবর্জনা থাকায় ইস্টার হোটেলকে ৩০ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় এ জরিমানা করা হয় বলে জানান মামুন।
তিনি আরও জানান: উপজেলার বিভিন্ন বাজারে খাবার হোটেল ও মিষ্টির দোকানের পরিবেশ নোংরা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর পাঁচটি দোকানে স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে। সন্দ্বীপ উপজেলার সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।








