সত্য আড়াল করতেই রিমান্ডে থাকা ফাইজুল্লাহ ফাহিমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেছেন, এই ঘটনাই প্রমাণ করে উগ্রবাদ দমনে সরকার আন্তরিক নয়। সাত দিনের সাঁড়াশি অভিযানের সময় শেষ হলেও বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জঙ্গি দমনের নামে আসলে বিএনপিকেই দমন করতে চাচ্ছে সরকার এমন অভিযোগও তার।
‘জঙ্গি দমনের নামে প্রহসনের এক চরম নাটক অনুষ্ঠিত করছেন সরকারের দায়িত্বশীল লোকেরা,’ বলেন রিজভী, ‘মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু প্রকৃত অপরাধীরা অধরাই থেকে যাচ্ছে। এমনকি আটককৃত সন্দেহভাজন জঙ্গিরাও প্রকৃত জঙ্গি কিনা এবং বছরব্যাপী চাঞ্চল্যকর খুনগুলোর সঙ্গে তারা জড়িত কিনা এ নিয়ে জনমনে সংশয় আছে। কেননা কোনো খুনেরই তদন্তে এখন পর্যন্ত কোনো ধরণের অগ্রগতি নেই।
মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ও পুলিশের রিমান্ডে থাকা ফাইজুল্লাহ ফাহিমের মৃতদেহ শনিবার সকালে মৃতদেহ মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মাদারীপুরের বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরের অভিযানে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে বলে সাংবাদিকদের পুলিশ জানায়।









