জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও সন্তান সজীব ওয়াজেদ জয়ের শিক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি।
দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সন্দেহ প্রকাশ করে জয়কে আরও বেশি পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীতনয় জয় কিছু ‘আজগুবি, হাস্যকর’ কথা বলেন যা ‘অর্ধশিক্ষিত মানুষের পরিচয়’ বহন করে। তিনি বলেন: জয় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছেন। তিনি হয়তো কানাডার আদালতের রায়ের ইস্যু নিয়ে কথা বলেছেন। কিন্তু সম্ভবত তিনি ওই রায় পড়তে পারেননি। সেখানে আওয়ামী লীগকেও সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে।
রিজভী বলেন, আমরা শুনেছি জয় নাকি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। কিন্তু কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন তা আমরা জানি না। তবে কেউ ‘হাফ স্টাডি’ করলে এমন ‘অদ্ভুত, আজগুবি’ কথা বলতে পারেন।
রিজভী বলেন: জয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় মাপের মানুষ ছিলেন। তার মা এদেশের প্রধানমন্ত্রী। তাই তার অর্ধশিক্ষিত হলে চলবে না। তাকে আরও বেশি স্টাডি করতে হবে।
জয়ের সমালোচনা করে রিজভী আরও বলেন, জয় বলেছেন আগুন-বোমা নিক্ষেপকারীদের বিচার হবে। আমি বলতে চাই আওয়ামী আইন অনুযায়ী বিচার হতেই পারে। ‘কিন্তু যেদিন সত্যিকার জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, সেদিন কারা আগুন-বোমা নিক্ষেপ করেছে তাদের কঠোর বিচার করা হবে।’
আওয়ামী লীগের গণতন্ত্রকে ‘ডাণ্ডাতন্ত্র’ আখ্যা দিয়ে রিজভী বলেন, গণতন্ত্র এমন নয়। রাষ্ট্রযন্ত্র লেলিয়ে দিয়ে গণতন্ত্রের পরিবর্তে ‘ডাণ্ডাতন্ত্র’ কায়েম করছে শেখ হাসিনা সরকার।








