তথ্যপ্রযুক্তি

সজারু-ক্যাকটাসের ভালোবাসায় ‘গুগল ডুডল’

সজারু-ক্যাকটাসের ভালোবাসায় ‘গুগল ডুডল’

টেক জায়ান্ট গুগল প্রতিবারই বিশেষ দিনগুলো উপলক্ষে বিচিত্র সব ডুডল প্রকাশ করে। এবারও তার ব্যতিক্রম নেই। আজ বিশ্ব ভালোবাসা দিবস। তাই এই দিনটি উপলক্ষেও গুগল ছেড়েছে বিশেষ ধরণের ভালোবাসাময় ডুডল। তাও একটি নয়, তিনটি!

অ্যানিমেটেড ওই ডুডলে রয়েছে অতিক্ষুদ্র একেকটি ভালোবাসার গল্প। একটি গল্পের প্রথমেই দেখা যায়, একটি সজারু একটি পার্ক বেঞ্চে বসে বই পড়ছে। এমন সময় সেখানে একটি লাল বেলুনে উড়ে এসে হাজির হয় একটি ছোট্ট ক্যাকটাস (কাঁটাওয়ালা গাছ)।

ক্যাকটাস পাশে এসে ল্যান্ড করতেই টের পেয়ে সজারু বই পড়া থামিয়ে ঘুরে তাকায় তার দিকে। তখন ক্যাকটাস হাসিমুখে হৃদয়-আকৃতির সুন্দর বেলুনটি এগিয়ে দেয় সজারুর দিকে, যেনো তাকে জানাতে চাইছে মনের কথা।

সজারু কিছুক্ষণ তাকিয়ে থাকে ক্যাকটাসের দিকে। তারপরই খুশিতে বই ফেলে ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। গ্রহণ করে ক্যাকটাসের ভালোবাসা।

দ্বিতীয় গল্পে দেখা যায় একটি কেতলি একটি ঘরে একাকি দাঁড়িয়ে আছে। এমন সময় খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে একটি ব্লেন্ডার।

ঘরে ঢুকেই কেতলির কাছে এগিয়ে যায় ব্লেন্ডারটি। হাসিমুখে এগিয়ে দেয় ভালোবাসার একটি লাল গোলাপ।

ব্লেন্ডারের হাতে গোলাপ দেখে চমকে ওঠে কেতলি। খুশিতে লজ্জায় নিজেই লাল হয়ে যায়। বাষ্প বেরুতে থাকে লাল কেতলি থেকে।

তৃতীয় গল্পটি আরো মজার। এবারের কাহিনী ফেসিয়াল টিস্যু আর টয়লেট টিস্যুর। ফেসিয়াল টিস্যু লাল রঙের হার্ট শেইপড এক বাক্স চকোলেট উপহার দেয় টয়লেট টিস্যুকে।

চকোলেট দেখে তো খুব খুশি টয়লেট টিস্যু। খুশি মনেই বাক্সটা নেয় সে। কিন্তু নেয়ার পরই দেখা দেয় বিপত্তি। আবেগ আর ধরে রাখতে পারে না টয়লেট টিস্যু। চোখ ছলছল করে ওঠে তার। কান্না পেয়ে যায় আনন্দে।

কিন্তু কান্না নিয়ে তো আর বসে থাকা যায় না। টয়লেট টিস্যু তাই বেচারি ফেসিয়াল টিস্যুর বাক্স থেকেই একটা টিস্যু নিয়ে নাকটা ঝেড়ে নেয়!

আদুরে এই ডুডলগুলোতে ক্লিক করলে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে’র সঙ্গে সম্পর্কিত বিভিন্ন লিংক চলে আসে গুগল সার্চের মাধ্যমে।

বিষয়:গুগলগুগল ডুডল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…