চৌধুরী ফরিদ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠক এবিএম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রোববার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে হার্ট এবং কিডনী রোগে ভুগছিলেন। গত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় ম্যাক্স হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা কিছুটা ভালো, তবে আশঙ্কামুক্ত নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, তিনি অনেকদিন ধরেই অসুখে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই দেশবাসি এবং নগরবাসির কাছে সবার কাছে তার জন্য দোয়া চাইছি । তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।

সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে বিকেলে দলীয় কার্যালয়ে এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।









