স্পোর্টস

সকালের খবরকে উড়িয়ে চ্যানেল আইয়ের শুভসূচনা

সকালের খবরকে উড়িয়ে চ্যানেল আইয়ের শুভসূচনা

কুল বিএসজেএ মিডিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সকালের খবরকে ৫-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে চ্যানেল আই। ‘আই’ স্ট্রাইকার রাহুল রায় ৪ গোলসহ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ডেইলি স্টারের কাছে ২-৪ গোলের হারে চাপে থাকা সকালের খবর এদিনও নিজেদের মেলে ধরতে পারেনি। শুরু থেকেই চ্যানেল আইয়ের আক্রমণ এলোমেলো হয়ে পড়ে সকালের খবরের রক্ষণ। আর এ সুযোগ কাজে লাগিয়ে মাত্র তিন মিনিটের মাথায় আইদের লিড এনেদেন রাহুল রায়।

১ গোলের রেশ কাটতে না কাটতেই ৪ মিনিটের ব্যবধানে আবারও গোল। এবারের গোলটিও রাহুল রায়ের পা থেকে। আরিফ-পান্থ-নওফেলের দারুণ বোঝাপড়া থেকে বল পেয়ে গোল করেন তিনি। ২-০ গোলে এগিয়ে যায় চ্যানেল আই।

২ গোলে এগিয়ে থাকা আইদের এরপরই যেনো খেলার ধার আরো বাড়তে থাকে। ম্যাচের ৯ মিনিটে সকালের খবরের ডি-বক্সের সামনে জটলা থেকে বল পেয়ে নিজের তৃতীয় ও হ্যাটট্রিক পূরণ করেন ‘আই’ স্ট্রাইকার রাহুল রায়।

গোল বাঁচাতে দলের পাঁচ খেলোয়াড়ই ডিফেন্সে নেমে গেলেও শেষ রক্ষা হয়নি সকালের খবরের। বিরতির এক মিনিট আগে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন ‘আই’ উইঙ্গার আরিফ হুসাইন হৃদয়।

বিরতির পর মাঠে নেমে আবারও স্বরূপে চ্যানেল আই। খেলার ১৯ মিনিটে নিজের চতুর্থ গোল আদায় করে নেন রাহুল। এরপর গোল শোধে মরিয়া সকালের খবর ২৫ মিনিটে প্রথম ও ম্যাচের একমাত্র গোল পায়। শেষ পর্যন্ত ৫-১ গোল নির্ধারিত সময় শেষ হয়। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যানেল আই।

খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে উভয় দলের হাতে ম্যাচ ফি তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের পক্ষে প্রাইজমানি গ্রহণ করেন ‘আই’ অধিনায়ক তরিকুল ইসলাম মাসুম। এসময় সাবেক জাতীয় দলের ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন। ম্যাচ সেরা রাহুল রয়ের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় দলের ফুটবলার হাসানুর জামান খান বাবলু।

বিষয়:বিএসজেএ মিডিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…