২০০৫ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২২৬ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সাগরিকায় জহুর আহমেদ স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু করায় এম এ আজিজ স্টেডিয়াম অযত্ন-অবহেলায় বেহাল হয়ে পড়ে। তারপরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে দলগুলোর অনুশীলন কোনোরকমে চালিয়ে নেয়া হতো এ মাঠে।
বিপিএলের একাদশ আসর সামনে রেখে প্রয়োজন সংস্কার। জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করে সংস্কারের উদ্যোগের কথা জানালেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার সকালে ক্রীড়া উপদেষ্টা দুই স্টেডিয়াম পরিদর্শন করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আফসোসের নাম চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। ১৯ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ এখানে হয়েছে। রক্ষণাবেক্ষণ নেই, মাঠের বেহাল অবস্থা। গ্যালারি, মাঠ কিংবা প্রবেশপথ, তাকানো যাচ্ছে না কোনদিকেই। বিপিএলের সময় বিদেশি ক্রিকেটাররা এখানেও আসেন অনুশীলন করতে। এবার সংস্কারের ছোঁয়া পড়বে এখানেও।’
সকালে সাগরিকায় জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে তিনি স্টেডিয়াম গ্রাউন্ড, গ্যালারি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামে এসে বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।








