সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা শহরে অবস্থিত বাংলাদেশ সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতীয় সংসদের একাদশ অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় সভা, সমাবেশ, মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আগামী সোমবার ১১তম জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হবে। অধিবেশনে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রোববার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। যেকোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও গলিপথগুলোতে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



