ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তার চাকরী ছাড়লেন চিত্রনায়ক নিরব। প্রতিষ্ঠানটিতে তিনি ২ মাস ১০দিন চাকরি করেছেন। সোমবার ১১ অক্টোবর নিজেই চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানান ‘আব্বাস’ খ্যাত এ নায়ক।
চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন, শুটিং ও কর্পোরেট চাকরি একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। চাকরি করলে অফিসের প্রতি দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা পূরণে যথাযথ সময় দিতে হয়, মনোযোগী হতে হয়। অফিসে সময় মনোযোগ দিলে শুটিংয়ে মনোযোগ দিতে পারিনা। শুটিং মিস করি। এতে কোনটাই ঠিকভাবে হচ্ছে না। তাই নিজেই পদত্যাগ করেছি।
গত ১ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠানটিতে যোগাদান করেছিলেন নিরব। তার কাজ ছিল প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশন এন্ড পিআর। ই-কমার্স মার্কেটে চলমান নেতিবাচক ধারণা ও গ্রাহকদের অনাস্থা বৃদ্ধির কারণে চাকরি ছাড়লেন কিনা জানতে চাইলে নিরব বলেন, তেমন কিছুই না। কোভিড পরবর্তী সিনেমায় ব্যস্ততা বাড়ছে। শুটিংয়ে প্রতিনিয়ত সময় দিতে হচ্ছে।
আরও বলেন, একেকটি সিনেমার জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। এতে করে বাড়তি সময়ের প্রয়োজন। আমি আসলে দুটো একসঙ্গে চালিয়ে নিতে পারছি না। সে কারণে নিজেই চাকরি ছেড়েছি। গতমাসেও দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছে। আগামী সপ্তাহে আরও একটি সিনেমায় যুক্ত হবো। এসব সিনেমার শুটিংয়ে লম্বা সময় দিতে হবে। এতে করে চাকরি সম্ভব নয়।










