প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে স্বস্তির এক জয়ে ফুরফুরে মেজাজে পাকিস্তান। সুযোগটা তাই কাজে লাগাতে ভুলছেন না মিকি আর্থার। অবস্থা বুঝে লঙ্কানদের বিপক্ষে শিষ্যদের তাঁতিয়ে দেয়ার ব্যবস্থা সারছেন সরফরাজদের প্রোটিয়া কোচ!
বিশ্বকাপে আসার আগে টানা ১০ ওয়ানডে জয়ের মুখ দেখেনি পাকিস্তান। আসরের প্রথম ম্যাচও শুরু হয়েছে ৭ উইকেটের হার দিয়ে। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়েছে দলটি। এবারের বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছে ১৪ রানের জয়।
প্রথম ম্যাচে হারের পর দল পরের ম্যাচে জয়ে ফেরায় স্বস্তিতে আর্থার। জয়ের শক্তিকে কাজে লাগিয়ে ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে শিষ্যদের নির্দয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রোটিয়া কোচ, ‘কঠিন অবস্থায় বিশ্বাস ধরে রেখে আমরা যেভাবে খেলেছি, তা দেখতে ভালোই লাগছে।’
‘যখন আমরা তিন শ্রেণিতেই ভালো খেলবো, তখন আমাদের আটকানো ভীষণ কঠিন। আমাদের নির্দয় হতে হবে। আর ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে হবে।’
দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির এবং লেগস্পিনার শাদাব খানের কল্যাণে ইংল্যান্ডকে ৩৩৯ রানে আটকে দিয়ে জয় পায় পাকিস্তানিরা। ব্যাটসম্যান ও বোলারদের ভালো করার ক্ষুধা দেখেও মুগ্ধ আর্থার।
‘আপনি ব্যাটসম্যানদের মাঝে রানক্ষুধা দেখতে পাবেন। বোলাররা ভালো করার জন্য লড়ছে। পরের ম্যাচগুলোতে আমাদের এই ভালো করাটা চালিয়ে যেতেই হবে।’








