আইপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসকে এক রানে হারিয়েছে
গুজরাট লায়ন্স।
গুজরাটের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লী
নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭১ রান করে। শেষ ওভারে দিল্লীর দরকার ছিল
১৪ রান। তবে ১২ করতেই থেমে যায় দিল্লী।
দিল্লীর পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন ক্রিস মরিস। তিনি ৩২ বলে চারটি চার ও আটটি ছয়ে অনবদ্য এ ইনিংসটি খেলেন। এছাড়া দিল্লীর পক্ষে ৪৮ রান করেন জেপি ডুমিনি। এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার ব্র্যান্ডন ম্যাককালামের ৬০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করে গুজরাট লায়ন্স।
পাওয়ার প্লে কাজে লাগিয়ে ওপেনিং জুটিতে ম্যাককালাম ও ডুয়াইন স্মিথ ১১২ রান যোগ করেন। ম্যাককালাম ৩৬ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৬০ রান করেন অপরদিকে ডুয়াইন স্মিথ ৩০ বলে পাঁচটি চার ও তিনটি ছয়ে ৫৩ রান করেন।
তবে শেষদিকে দিল্লীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় গুজরাট।
দিল্লীর বোলারদের মধ্যে ইমরান তাহির চার ওভারে ২৪ রানে তিনটি উইকেট নেন।










