টাঙ্গাইলের বাসাইলে জাতীয় শোক দিবসকে সামনে রেখে একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সভার ঘোষণা দেয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বুধবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক এই সভা হওয়ার কথা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ১৪৪ ধারা জারি করেন।
শামছুন নাহার স্বপ্না বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ একই সময়ে একইস্থানে প্রস্তুতিমূলক সভা ডাকে। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ আজ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও বাসাইল বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








