যদি-কিন্তুর উপর নির্ভর নয়। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিতে হলে নাইজিরিয়াকে হারাতেই হবে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের মনোভাব এমনটাই।
তবে শেষ ষোলোতে উঠতে মঙ্গলবার মেসিদের সামনে কাঁটা নাইজেরিয়া। কীভাবে নকআউটে যাবে আর্জেন্টিনা? ডু অর ডাই ম্যাচের আগে মেসির দলের হাল-হকিকত ও অঙ্কটা দেখে নেয়া যাক-
শেষ ষোলোতে যেতে প্রথম শর্ত নাইজেরিয়াকে হারাতেই হবে। তারপর তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে।
আইসল্যান্ড হারলে বা ড্র করলে, আর্জেন্টিনা নিজেদের ম্যাচ জিতলেই চলে যাবে শেষ ষোলোতে। আর
আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয়, তাহলে আইসল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে গোল পার্থক্য দেখা হবে। কারণ মুখোমুখি সাক্ষাতে তাদের ড্র হয়েলিছল।
গোল পার্থক্য যদি সমান হয়, তাহলে দেখা হবে ফেয়ার প্লে পয়েন্ট। এই মুহূর্তে আর্জেন্টিনা গোল পার্থক্যে এক পিছিয়ে এবং ফেয়ার প্লে পয়েন্টেও পিছিয়ে।
আরও সহজ করে বললে মেসিদের হিসেবটা এরকম-ক্রোয়েশিয়া যদি আইসল্যান্ডকে হারিয়ে দেয় এবং আর্জেন্টিনা জিতল নাইজিরিয়ার বিরুদ্ধে। সেক্ষেত্রে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকবে ক্রোয়েশিয়া। মাত্র একটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় যাবে আর্জেন্টিনা।
যদি আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচ ড্র হয়, আর মেসিরা হারান নাইজিরিয়াকে, তা হলেও ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হবে আর্জেন্টিনা।
যদি আইসল্যান্ড জেতে তবেই সমস্যা মেসিদের। আইসল্যান্ড ১ গোলে জিতলে মেসিদের চাই ৪ গোলে জয়।
আইসল্যান্ড ও আর্জেন্টিনা দু’দলই যদি জেতে এবং দু’দলেরই গোল-পার্থক্য সমান হয়, তা হলে দেখা হবে কে কত গোল করেছে। সেই সংখ্যাও সমান হলে বিচার্য হবে, কারা কম কার্ড (লাল বা হলুদ) দেখেছে।







