দ্বিতীয় সারির দল অরলিন্সকে হারিয়ে ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি। আর লেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোয় ২-১ গোলে জেতে নেইমারহীন পিএসজি। ম্যাচের ৪১ মিনিটে অ্যাঞ্জেল ডি’মারিয়ার বাড়ানো বল ডি-বক্সের ঠিক বাইরে থেকে উঁচু শটে জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। ৬৯ মিনিটে সেনেগালের মিডফিল্ডার জোসেপ লোপির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ত
বে তাদের সে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮১ মিনিটে ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, লেস্টারের মাঠে শেষ আটের ম্যাচে নির্ধারিত সময় ১-১ ড্রয়ে শেষ হয়। টাইব্রেকারে ৩-১ গোলে জেতে পেপ গার্দিওলার দল। ম্যাচের ১৪ মিনিটের সময় নিচু শটে সিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। চলতি মৌসুমে বেলজিয়ামের এই মিডফিল্ডারের এটাই প্রথম গোল। ৭৩ মিনিটে ইংলিশ মিডফিল্ডার মার্ক আলব্রাইটনের গোলে সমতায় ফেরে লেস্টার।
আগের দুই রাউন্ডে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জিতেছিল ২০১৫-১৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লেস্টার। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে পেনাল্টি শুট আউটে এবার আর জেতা হয়নি তাদের।








