২০১৭-১৮ মৌসুমে যা পারেনি প্রিমিয়ার লিগের অন্য দলগুলো, তা প্রায় সেরেই ফেলেছিল ক্রিস্টাল প্যালেস। টানা ১৮ ম্যাচে জয় পাওয়া ম্যানচেস্টার সিটির জয়রথ থামিয়ে দিয়েছে লন্ডনের দলটি। সুযোগ ছিল মৌসুমে প্রথমবারের মত সিটিজেনদের হারের স্বাদ দেয়ারও। কিন্তু এক এডারসন মোরায়েস বীরত্বে চলতি লিগে অপরাজিত থেকেই ২০১৭ সালটা শেষ করল পেপ গার্দিওলার দল।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে ম্যানসিটি। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি পেয়েও মৌসুমে প্রথমবারের মত তাদের হারের স্বাদ দিতে পারেনি প্যালেস।
ড্র করেও পয়েন্ট টেবিলে ধরাছোঁয়ার বাইরে সিটিজেনরা। ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট গার্দিওলার দলের। দুইয়ে থাকা চেলসির থেকে ১৪ পয়েন্টে এগিয়ে।
চলতি লিগে অন্য দলগুলোকে বড় বড় হারের স্বাদ দেয়া ম্যান সিটি এদিনও খেলেছে আধিপত্য বিস্তার করেই। এরপরও শতকরা ৭৪ শতাংশ বলের দখল নিয়েও প্যালেসের গোলমুখ খুলতে পারেননি গ্যাব্রিয়েল জেসাস-কেভিন ডি ব্রুইন-আগুয়েরোরা।
ম্যাচের ২৮ মিনিটে আগুয়েরোর শট ফেরে বারে লেগে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কেভিন ডি ব্রুইনের ক্রস সুযোগ মত পেয়েও কাজে লাগানো হয়নি এই আর্জেন্টাইন তারকার।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে রাহিম স্টার্লিংয়ের ক্রসে লিরয় সানের অসাধারণ একটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন প্যালেস গোলরক্ষক হেনেসি। ৭০ মিনিটে কেভিন ডি ব্রুইনকে খালি হাতে ফেরান হেনেসি।
একের পর এক গোল মিসের মহড়ায় যখন দিশেহারা দল তখনই নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের ডি-বক্সে উইলফ্রিড জাহাকে ফাউল করে বসেন ইয়াইয়া তোরে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
কিন্তু লুকা মিলোসেভিচের শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দিয়ে দলকে মৌসুমের মাঝপথ পর্যন্ত অপরাজিত রাখেন সিটিজেনদের ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।










