প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির গোয়ায় ব্রিকস-বিমসটেক লিডারস সম্মেলনে যোগদান করায় ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার (১৬ অক্টোবর) সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজি ভাষায় এ মনোভাব জানিয়েছেন নরেন্দ্র মোদি।
মোদি তার টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’
এদিকে ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টা ৪৫ মিনেটে ভারতের গোয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গোয়া এয়ারপোর্ট থেকে সরাসরি ব্রিকস বিমসটেক আউটরিচ সামিট ভেন্যু হোটেল লিলায় গিয়েছেন।
প্রায় ২০ ঘণ্টার এই ঝটিকা সফরে প্রধানত বিমসটেক-ব্রিকস শীর্ষনেতাদের আউটরিচ সামিটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিমসটেক লিডারস রিট্রিট কর্মসূচিসহ সম্মেলনের সাইডলাইনে একাধিক দ্বি-পাক্ষিক বৈঠক চূড়ান্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।







