একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।
বুধবার সকালে তিনি এ অভিনন্দন জানান।
এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ভারতের প্রধানমন্ত্রী সোমবার সাড়ে ১০টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য তাকে (শেখ হাসিনা) এবং তার দল ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এ জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।








