সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচন করে আলোচনায় এসেছেন তৃতীয় লিঙ্গের নাদিরা খানম। আবার রোববার বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের মেয়েরা ভারতকে হারিয়ে শিরোপা এনে দিয়েছেন। অথচ এই শিরোপা অর্জনে গর্ববোধ না করে মেয়েরা যে হাফপ্যান্ট পড়ে খেলে সেই প্রশ্ন অনেকের।
এ বিষয়ে ফেসবুকে লিখেছেন প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষক আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম লিখেছেন: তৃতীয় লিঙ্গের নাদিরা খানম রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাড়ে সাত হাজার ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এমন এক সময়ে তিনি নির্বাচন করেছেন, যখন বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের খেলোয়াড়’রা কেন হাফ প্যান্ট পরে, ওড়না ছাড়া খেলে বেড়াচ্ছে, এই নিয়ে মানুষজন প্রশ্ন তুলছে! এই নারী খেলোয়াড়রা পায় না কোন স্পন্সর, অথচ সুন্দরী প্রতিযোগিতার স্পন্সরের অভাব হয় না!
আমার অন্তত জানা নেই, কোন একজন সুন্দরী তার সৌন্দর্যের জন্য বাংলাদেশের হয়ে, বাংলাদেশের পতাকাকে উঁচু আসনে স্থান দিতে পেরেছেন কিনা! অথচ এই মেয়েগুলো কিন্তু ঠিকই চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে।
আশার কথা হচ্ছে এতো কিছুর পরও সাড়ে সাত হাজার মানুষ কিন্তু নাদিরা খানমকে ভোট দিয়েছেন। আর একটু হলে হয়তো কমিশনারই হয়ে যেতেন। এইবার পারেননি, তবে পরের বার নিশ্চই তিনি শুধু দেশে না, বহির্বিশ্বেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।
হাজার বাঁধা পার হয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিতে পেরেছেন, বাদ বাকী বাঁধাগুলোও নিশ্চই আপনি পার হতে পারবেন।
শেকল আমার-আপনাকেই ভাঙতে হবে। কেউ এসে ভেঙ্গে দিয়ে যাবে না। অধিকার কেউ এসে দিয়ে যায় না, অধিকার আদায় করে নিতে হয়!









