অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছেন নুরুল হাসান সোহান। কাজটা সামলেছেন দারুণভাবেই। প্রতিদানও পেতে চলেছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজে।
বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সোহানের হাতেই শুরুতে উঠবে কিপিং গ্লাভস।
কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ম্যাচ বেশি হওয়ায় দলের পরিকল্পনা, উইকেটরক্ষকদের মাঝে দায়িত্ব ভাগাভাগি করা। সে অনুযায়ী পরের দুই ম্যাচে কিপিং করবেন মুশফিক।
যার প্রতি দল বেশি আস্থাশীল হবে, সে কিপিং করবেন পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে। আর তার কাঁধেই পড়তে পারে অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপে উইকেটরক্ষকের দায়িত্ব।
সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বললেন, ‘প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবে। পরিকল্পনা হচ্ছে এই বিশেষ সিরিজে (বিশ্বকাপের আগে) উইকেটরক্ষকের দায়িত্ব ভাগ করা, একে একে দুটি ম্যাচ করা এবং পঞ্চম খেলায় সিদ্ধান্ত নেয়া। মনে করি এই বিকল্পগুলি যাচাই করা গুরুত্বপূর্ণ।’
এক সিরিজ পর মুশফিকের দলে ফেরা প্রসঙ্গ টাইগার কোচ বললেন, ‘সম্ভবত মুশফিক চারে ব্যাট করবে। সে এই পজিশনে সফল। সে ইনিংস ধরে খেলতে পারে। মাঝের ওভারগুলোতে স্ট্রাইক রোটেট করা ও ফিনিশ করে আসতে পারে। তার দলে ফেরা আমাদের জন্য খুবই ভালো ব্যাপার।’








