শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ। নানা আচারের মধ্য দিয়ে গতকাল মহানবমী পালিত হয়। আজ মঙ্গলবার শুভ বিজয়া দশমী।
মঙ্গলবার সকালে বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনের’ মধ্য দিয়ে দুর্গা পূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটবে। বিকেলে প্রতিমা বিসর্জনে শেষ হবে বাংলা ভাষাভাষী অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের।
শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও বিসর্জনের আগে রাজধানীর মণ্ডপে মণ্ডপে দুপুর পর্যন্ত চলবে আবীর খেলা আর আনন্দ, উৎসব।
ঢাকেশ্বেরী মন্দিরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ আসার পর আবীর খেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে আসা শুরু হবে ঢাকেশ্বরী মন্দিরে।
বিকাল ৪টায় সেখান থেকেই বিজয় শোভাযাত্রা নিয়ে ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন করা হবে।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।
৪ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচদিনের দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেছে।








