শুক্রবার হাতির পিঠে চড়তে দেখা যাবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী জেসিয়া ইসলাম। তবে ব্যক্তিগত কোন কারণে নয়। নাটকে চরিত্রায়ন করতে গিয়ে হাতির পিঠে চড়তে হয়েছে জেসিয়াকে।
শুক্রবার বিকালে ৩.০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ফয়েজ রেজার রচনা ও পরিচালনায় ‘ছবির প্রতিচ্ছবি’ টেলিফিল্ম।
গল্পে হাতির সওয়ারি হওয়ার প্রেক্ষাপট হল, বিখ্যাত ব্যবসায়ি গুলজার খানের নাতি নিহারিকা (জেসিয়া) পড়ালেখা শেষ করে দেশে ফিরছেন নিউইয়র্ক থেকে। এখানে দাদার বাড়িতে উঠবেন। কারণ তার বাবা মা কেউই বেঁচে নেই। দেশে ফিরে তার দায়িত্ব অনেক। একমাত্র সন্তান হিসেবে সে তার বাবা’র পুরো সম্পদের মালিকানা পেতে যাচ্ছেন। একদিন হাতির পিঠে উঠতে ইচ্ছে হয় জেসিয়ার। দাদার বাড়ির লোকজন তা পূরণ করতে চেষ্টা করেন। আর সেই সময়তেই বিপত্তি ঘটে…।
জেসিয়া জানান, হাতির পিঠে আমি প্রথম উঠেছি। এটা আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা। ভয়ও লাগছিল আবার মজাও পাচ্ছিলাম। এ স্মৃতি সারাজীবন মনে থাকবে।’ মাহুত ছাড়া হাতির পিঠে অন্য সওয়ারি কে প্রশ্নে জেসিয়া বলেন, টেলিফিল্মটা সবাই দেখে জানুক হাতিতে কে আমার সঙ্গে কে ছিল!’







