শীর্ষ জঙ্গি মোখতার বেলমোখতার যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় মারা গেছেন বলে জানিয়েছে লিবিয়ার প্রশাসন। দুই বছর আগে মোখতারের আদেশে আলজেরিয়ার গ্যাস প্ল্যান্টে হামলা চালানো হয়েছিলো।
দেশটির পূর্বাঞ্চলে আজদাবিয়া শহরে যুক্তরাষ্ট্রের এই অভিযানে মোখতারসহ আরো কয়েকজন যোদ্ধা নিহত হন। লিবিয়ার সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগেও মোখতারের মৃত্যু বিষয়ে নিশ্চিত করে কয়েকবার ভুল খবর প্রচার হয়েছিলো। বেলমোখতার যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিলো বলে পেন্টাগন নিশ্চিত করলেও তার মারা যাওয়ার ব্যপারে কোনো তথ্য দেয়নি।
আলজেরিয়ায় জন্ম নেয়া মোখতার ইসলামিক মাগরেব’এর (একিউআইএম) আল কায়েদার সাবেক উচ্চপর্যায়ের নেতা। পরে তিনি নিজের জঙ্গি সংগঠন গড়ে তুলতে আল-কায়েদা থেকে বেরিয়ে আসেন।
২০১৩ সালে আলজারিয়ার ইন আমেনাস গ্যাস প্ল্যান্টে হামলা চালিয়ে মোখতার কুখ্যাতি অর্জন করেন। এই হামলায় ৪০ জন নিহত হয় এবং জিম্মি করা হয় প্রায় ৮০০ জনকে। তাদের বেশিরভাগই ছিলেন বিদেশি।







